ক্রোয়েশিয়া থেকে শরণার্থীদেরকে নিয়ে হাঙ্গেরিতে প্রবেশ করা একটি ট্রেনকে জব্দ করেছে দেশটির পুলিশ। ট্রেনে থাকা ৪০ জন পুলিশের অস্ত্র নিয়ে নেয়া হয়েছে এবং ট্রেনের চালককেও আটক করা হয়েছে। হাঙ্গেরির দুর্যোগ ইউনিটের প্রধান এ তথ্য জানিয়েছেন।
জিওরজি বাকোন্ডি শুক্রবার বলেছেন, কোনো ধরনের নোটিশ ছাড়াই অন্য বাস-ট্রেনের মতো শরণার্থীদেরকে নিয়ে একটি ট্রেন ক্রোয়েশিয়া থেকে মাজিয়ারবোলি এলাকায় প্রবেশ করেছিল।
তিনি আরো বলেছেন, ট্রেনের নিরাপত্তা প্রহরী হিসেবে থাকা ৪০ জন পুলিশের কাছ থেকে অস্ত্র নিয়ে নেয়া হয়েছে এবং তাদের নাম নিবন্ধন করা হয়েছে।
এই ঘটনাকে মারাত্মক সীমান্তের লঙ্ঘন বলে উল্লেখ করে হাঙ্গেরি সরকারের মুখপাত্র জোলটান কোভাকস বলেছেন, "মাজিয়ারবোলিতে একটি ট্রেন প্রবেশ করায় সীমান্তে খুবই মারাত্মক ঘটনা ঘটে গেছে। কোনো ধরনের নোটিশ ও অনুমতি ছাড়া ৪০ জন ক্রোয়েশিয়ান পুলিশসহ এক হাজারেরও বেশি লোক নিয়ে ট্রেনটি হাঙ্গেরির অঞ্চলে প্রবেশ করেছে। এটি সীমান্ত আইনের লঙ্ঘন ও অপরাধ ঘটানো নিয়ে সন্দেহ আছে।"
তিনি আরো বলেন, "এটা নিয়ে তদন্ত হচ্ছে। ট্রেনের চালককে আটক করা হয়েছে। ৪০ জন ক্রোয়েশিয়ান পুলিশের বিষয়ও পদক্ষেপ নেয়া হয়েছে।"
তবে ক্রোয়েশিয়া জানিয়ে, তাদের কোনো কর্মকর্তা ট্রেনটির পাহারায় ছিল না এবং কাউকে নিরস্ত্র ও আটক করা হয়নি।
ক্রোয়েশিয়ার পুলিশের মুখপাত্র জেলেনা বিকিচ বলেছেন, "কাউকে আটক বা নিরস্ত্র করা হয়নি। ওই ঘটনা সত্য নয়। নিরাপত্তা রক্ষার জন্য উভয় পাশের পুলিশ কর্মকর্তাদের মধ্যে আগেই কথা ছিল।"
তিনি আরো জানিয়েছেন, তাদের ৩৬ জন কর্মকর্তা ক্রোয়েশিয়ায় ফিরেছেন।
জেডআই





