[b]দামেস্ক:[/b] জেনেভা শান্তি সম্মেলনে যোগ দিতে সম্মত হয়েছে সিরিয়ার প্রধান বিরোধী জোট। সিরিয়ার গৃহযুদ্ধ বন্ধে একটি অন্তর্বর্তী সরকার গঠনের বিষয় নিয়ে আলোচনার জন্য সুইজারল্যান্ডে আগামী বুধবার থেকে এই শান্তি সম্মেলন শুরু হতে যাচ্ছে।
সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশনের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
দেশটিতে গত তিন বছর ধরে চলা গৃহযুদ্ধে এক লাখের বেশি মানুষ নিহত হয়েছে বলে জাতিসংঘের এক পরিসংখ্যানে বলা হয়েছে। দেশ ছেড়ে পালিয়েছে আরো ২০ লাখ মানুষ। এ ছাড়া দেশের মধ্যেই উদ্বাস্তু রয়েছে আরো ৬০ লাখের বেশি মানুষ।
শনিবার দেশটির প্রধান বিরোধী জোট সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন আসন্ন জেনেভা শান্তি আলোচনায় অংশ নেওয়ার কথা ঘোষণা করেছে। জোটের জনসংযোগ কার্যালয় থেকে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়,এর ওপর তারা যে গণভোটের আয়োজন করেছিলো তাতে সংখ্যাগরিষ্ঠ সদস্যই আলোচনায় যোগ দেয়ার পক্ষে ভোট দিয়েছে। ৭৫ জন ভোটারের মধ্যে পক্ষে ভোট দিয়েছে ৫৮ জন। অন্যদিকে না ভোট দিয়েছেন মাত্র ১৪ জন।
শনিবার তুরস্কের ইস্তম্বুল শহরের বাইরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের প্রেসিডেন্ট আহমদ জারবা বলেন,"আমরা এই অপরাধীর (প্রেসিডেন্ট বাশার আল আসাদ) হাত থেকে সিরিয়াকে মুক্ত করতে জেনেভা আলোচনায় যোগ দিচ্ছি।" তবে তিনি প্রতিনিধি দলের নাম ঘোষণা করেননি। সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশনের পক্ষে জেনেভা সম্মেলনে  অংশগ্রহণকারী প্রতিনিধি দলের নাম রোববার ঘোষণা করা হবে বলে সংবাদ সংস্থা আল জাজিরা জানিয়েছে।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সিরিয়ার বিরোধী দলের এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। শনিবার তিনি এক বিবৃতিতে বলেছেন,"এই সাহসী ভোটে সিরীয় জনগণের স্বার্থ সুরক্ষিত হয়েছে,যারা আসাদের বর্বর শাসন এবং অন্তহীন গৃহযুদ্ধের কারণে ভয়াবহ দুর্ভোগের শিকার হচ্ছেন।"
তিনি জোটের নেতাদের প্রশংসা করে আরো বলেন,"জেনেভা আলোচনা এমন একটি উপায় খুঁজে বের করবে যার মাধ্যমে সিরিয়ার জনগণ সুন্দর ভবিষ্যতের দিকে যাত্রা করতে পারবে।"