দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলীয় জেজু দ্বীপের উপকূলে এক অজ্ঞাতনামা মালবাহী জাহাজের সঙ্গে চীনের একটি মাছ ধরার নৌকার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে চীনা নৌকার ১০ ক্রু নিখোঁজ রয়েছেন।

শুক্রবার দেশটির কোস্ট গার্ড বলেছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপকূলের ১শ’৬০ কিলোমিটার অদূরে সমুদ্রে দুটি নৌযানের মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মালবাহী জাহাজটি পালিয়ে যায়। তবে ১শ’৩৮ টন বিশিষ্ট চীনা নৌকা ডুবে যায়।

জেজু’র কোস্ট গার্ড মুখপাত্র বার্তা সংস্থা এএফপি’কে জানান, ‘১০ জন নিখোঁজ রয়েছেন এবং তিন জনকে উদ্ধার করা হয়েছে।’

তিনি বলেন, চীনের ছয়টি মাছ ধরার নৌকার সহায়তায় দ. কোরিয়ার তিনটি ও চীনের দুটি উদ্ধারকারী নৌকা ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে।

সাগর উত্তাল থাকায় চীনা নৌকাটি নোঙর করে দাঁড়িয়ে ছিল। তবে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী জাহাজ সামনাসামনি চীনা নৌকাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

জেডআই