যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার আলেপ্পো শহর থেকে উদ্ধার হওয়া যে শিশুটির ছবি বিশ্বকে হতবাক করে দিয়েছে, সেই ওমরান দাকনিশের বড় ভাই আলী দাকনিশ মারা গেছে। যুদ্ধ পর্যবেক্ষক ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শনিবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বুধবার বিমান হামলায় গুরুতর আহত হয়েছিল দশ বছর বয়সী আলী। তার দেহের অভ্যন্তরে রক্তক্ষরণ হচ্ছিল এবং শরীরের ভেতরে অঙ্গ-প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে চিকিৎসকরা জানিয়েছে।
সিরিয়ায় বিদ্রোহীদের দখলে থাকা এলাকাগুলোতে রাশিয়া এবং সিরিয়ার সরকারি বাহিনী বিমান হামলা চালিয়ে যাচ্ছে। বুধবার হামলার পর বিধ্বস্ত একটি বাড়ির ধ্বংসস্তুপ থেকে পাঁচবছর বয়সী ওমরানকে রক্তাক্ত ও আহত অবস্থায় বের করে আনা হয়। অ্যাম্বুলেন্সে বসা ওমরানের সেই ছবি ও ভিডিও আলেপ্পো শহরে আটকে পড়া বেসামরিক মানুষদের দু:খ-দুর্দশার প্রতীকী চিত্র হয়ে উঠেছে, যা সারা বিশ্বকে হতবাক করে দেয়।
ভিডিওতে দেখা যায়, রক্তাক্ত, সারাগায়ে ধূলি মাখা ভীত ওমরান একটি অ্যাম্বুলেন্সের সিটে বসে রয়েছে, একটু পরেই সে নিজের মুখে হাত বুলিয়ে রক্ত দেখতে পেয়ে চমকে ওঠে।
প্রসঙ্গত, ২০১১ সাল থেকে প্রেসিডেন্ট আসাদকে উচ্ছেদের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে বিদ্রোহীরা। গত বছরের সেপ্টেম্বরে মিত্র আসাদের সহযোগিতায় যুদ্ধের ময়দানে নামে রাশিয়া। তবে স্থলযুদ্ধে অংশ না নিয়ে রাশিয়া বিদ্রোহীদের অবস্থানগুলোতে বিমান হামলা চালিয়ে যাচ্ছে।
এমএনজে





