রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার প্রশ্নে একমত হতে ব্যর্থ হয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ।

ইইউ’র কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কবে থেকে নতুন নিষেধাজ্ঞা কার্যকর হবে তা নিয়ে একমত হতে পারে নি ২৮ জাতির এ সংস্থা। এ বিষয়ে আজ বৃহস্পতিবার আরো আলোচনা হবে বলে জানিয়েছে ওই সূত্র।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরে ২৮টি দেশের কূটনীতিকরা এ বিষয়ে আলোচনা করছেন এবং সে আলোচনা শেষ হয়ে যায়নি বলে জানায় সূত্রটি। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলে তার পরিণতি কি হতে পারে এবং নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রটা কি -সেসব নিয়ে আলোচনা চলছে।

ইউক্রেন ইস্যুতে এর আগে ইউরোপীয় ইউনিয়ন কয়েক দফা আমেরিকার সঙ্গে তাল মিলিয়ে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মস্কোও পাল্টা ব্যবস্থা হিসেবে ইউরোপ ও আমেরিকার ওপর কৃষিসহ কয়েকটি খাতে নিষেধাজ্ঞা আরোপ করে। সূত্র: আইআরআইবি

ঢাকা, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ