পঞ্চগড়ের শিংরোড সীমান্ত এলাকা থেকে আক্তারুল ইসলাম (৩২) নামে এক বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় বাংলাদেশিরা ভারতীয় এক নাগরিককে আটকে রেখেছে।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ভারত সীমান্তের ৭৬২ মেইন পিলারের কাছে ওই জেলে মাছ ধরতে গেলে সীমান্তের বিপরীতে থাকা ভারতের সাঁকাতি বিএসএফ ফাড়ির সদস্যরা অস্ত্রের মুখে তাকে ধরে নিয়ে যায়।

আক্তারুল ইসলাম সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের প্রধানপাড়া গ্রামের মৃত হেমত আলীর ছেলে। এ ঘটনায় উভয় সীমান্তে উত্তেজনা দেখা দেয়।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক বলেন, বাংলাদেশী ওই জেলে সীমান্তের পাংঙ্খা নদীতে মাছ ধরতে গিয়ে ভারতীয় সীমান্তে প্রবেশ করে। বিষয়টি মিমাংসার জন্য উভয় পক্ষের মধ্যে পতাকা বৈঠক চলছে।

এদিকে একই সীমান্তে দুপুর সাড়ে ৩টার দিকে জয়সেন কর্মকার (৫৫) নামের একজন ভারতীয় হিন্দু নাগরিক বাংলাদেশে প্রবেশ করলে বাংলাদেশী নাগরিকরা তাকে আটক করে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানের কাছে হস্তান্তর করে।

ভারতীয় ওই নাগরিক জলপাইগুড়ি জেলার কতোয়ালী থানার ভূজারিপাড়া গ্রামের মৃত দুলাল কর্মকারের ছেলে। বাংলাদেশী নাগরিককে ছেড়ে না দিলে ভারতীয় ওই নাগরিককে তারা ছাড়বে না বলে জানায়।

বিজিবির পক্ষ থেকে বিষয়টি মিমাংসার জন্য জোর চেষ্টা অব্যাহত রয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুই দেশের নাগরিকদ্বয়কে হস্তান্তরের জন্য বিজিবি-বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক চলছিল।

ঢাকা, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর