ভোলায় নদী ভাঙন থেকে উপকূলীয় ভূমি রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার সকালে শহরের কে জাহান শপিং কমপ্লেক্সের সামনে সদর রোডে এ কর্মসূচি পালিত হয়।

এতে স্থানীয় এনজিও কোস্ট ট্রাস্ট, দ্বীপ উন্নয়ন সোসাইটি, পরিবার উন্নয়ন সংস্থা, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এবং পল্লীসেবা সংস্থা এ কর্মসূচির আয়োজন করে। নদী ভাঙনের হাত থেকে ভোলাকে রক্ষার দাবিতে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে এনজিও ছাড়াও ব্যবসায়ী, জেলেসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের আঞ্চলিক সমন্বয়কারী রাশিদা বেগম, মোবাশ্বির উল্যাহ চৌধুরী, অ্যাডভোকেট মো. শাহজাহান, অমিতাভ রায় অপু, মো. ফজলু, এরশাদ আলী প্রমুখ। এ সময় বক্তারা, নদী ভাঙন ও জোয়ারের প্লাবন থেকে উপকূলীয় ভূমি রক্ষায় অবিলম্বে কংক্রিট ব্লক দিয়ে বাঁধ নির্মাণে সরকারকে পরিকল্পনা হাতে নেওয়ার দাবি জানান।

ঢাকা, ১৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই