মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশের এক কর্মকর্তাসহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) রাতে জেলার মোল্লাকান্দি ও শুক্রবার (১৯ অক্টোবর) সকালে বড়ব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালকিনি থানার এএসআই কামরুল ইসলাম (৩৫) ও মোটরসাইকেল চালক রাজা মাতুব্বর (২০)।
নিহত রাজা মাতুব্বর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের আবুল মাতুব্বরের ছেলে। আর এএসআই কামরুল ইসলাম গোপালগঞ্জ জেলার মুকসেদপুর থানার নওহাটা গ্রামের মৃত লুৎফর রহমান মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে পূজা দেখার জন্য মাদারীপুর সদর থেকে রাজা ও তার চাচাতো ভাই জিয়াউদ্দিনসহ তিনজন মোটরসাইকেলে করে রাজৈর উপজেলার কদমবাড়ি যাচ্ছিলেন। পথে মোল্লাকান্দি নামক স্থানে পৌঁছালে ঢাকা-বরিশালগামী সুগান্ধা পরিবহনের সঙ্গে মুখোমুখি সংর্ঘষে ঘটনাস্থলেই রাজা নিহত হন।
এসময় মোটরসাইকেলের পেছনে থাকা জিয়া মাতুব্বর ও মুরাদ মাতুব্বর আহত হন। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে শুক্রবার সকালে কালকিনি থানার এসআই কামরুল হাসান টেকেরহাট যাওয়ার পথে রাজৈর উপজেলার বড়ব্রিজ নামক স্থানে ঢাকা-বরিশালগামী গোল্ডেন লাইন পরিবহনের ধাক্কায় নিহত হয়েছেন।
মাদারীপুর পুলিশ সুপার সব্রত কুমার হালাদার বলেন, এএসআই কামরুল ইসলাম পূজার ডিউটিতে ছিলেন রমজানপুর। সেখান থেকে তিনি ছুটিতে বাড়ি যাচ্ছিলেন। এসময় গাড়ির সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই নিহত হন। পরিবহনটিকে আটক করা হয়েছে।
জেড





