পুরাতন গাড়ি আমদানিকারকদের সংগঠন ‘বারভিডা’র সভাপতি হাবিবুল্লাহ ডনকে ৯ কোটি টাকার সম্পত্তি মাত্র ৩৩ লক্ষ টাকা মূল্য দেখিয়ে রেজিস্ট্রি করার ঘটনায় তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আগামীকাল বুধবার সকাল ৯ টায় হাবিবুল্লাহ ডনকে দুদক কার্যালয়ে তলব করেছেন দুদকের সহকারি পরিচালক এস.এম.রফিকুল ইসলাম। গত সপ্তায় হাবিবুল্লাহ ডনকে এ তলবি নোটিশ পাঠান দুদক কর্মকর্তা।
জানা যায়, হাবিবুল্লাহ ডন উত্তরার ৩ নম্বর সেক্টরে ৯ কোটি টাকার সম্পত্তি মাত্র ৩৩ লক্ষ টাকা মূল্য দেখিয়ে রেজিস্ট্রি করেন। আর এ ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তে তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকে তলব করা হয়।
এদিকে গত ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট তফসিলি ব্যাংকগুলোকে চিঠি পাঠিয়ে ১৩ ব্যক্তির অর্থ লেনদেনের স্টেটমেন্ট তলব করে। সুইসব্যাংকে অর্থ পাচারকারী সন্দেহে এ তথ্য তলব করা হয। হাবিবুল্লাহ ডন ওই ১৩ জনের মধ্যে অন্যতম।
ঢাকা, একে, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম,এসএইচ





