নীলফামারীর সৈয়দপুরে পুলিশের পিকআপভ্যান ট্রেনের ধাক্কায় চার কনস্টেবল নিহত হয়েছেন। এ ছাড়া গুরুতর আহত হয়েছে পুলিশের আরও ১১ সদস্য।
উপজেলার ঢেলাপীঢ় রেলক্রসিংয়ে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সৈয়দপুর থানার কনস্টেবল শামসুল হক (কনস্টেবল নম্বর ২৮৫), মাইদুল ইসলাম (৩৭৫), শরিফুল ইসলাম (৬৮৫) ও ফারুক হোসেন।
আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা পুলিশ কন্ট্রোল রুম অপারেটর আবু তাহের জানান, নীলফামারী থেকে ঢাকা যাওয়ার পথে ঢেলাপীঢ় রেলক্রসিংয়ে সৈয়দপুর থানা পুলিশের একটি পিকআপ ভ্যানের ধাক্কা লাগে। ঘটনাস্থলে ভ্যানে থাকা পুলিশ সদস্য শামসুল হক নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে মাইদুল ইসলামের মৃত্যু হয়। এ ছাড়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে কনস্টেবল শরিফুল ইসলাম এবং শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ফারুকের মৃত্যু হয়।
এএইচ





