নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর গ্রাম থেকে অপহৃত স্কুলছাত্র রাব্বী হোসেন (১৪) ও রাহেল হোসেনকে (১২) ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (০৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে খিলক্ষেত থানা পুলিশের সহায়তায় লালপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।

রাব্বী হোসেন আব্দুলপুর পশ্চিমপাড়া গ্রামের মুকুল হোসেনের ছেলে ও রাহেল হোসেন দেলুয়া গ্রামের কামরুল হোসেনের ছেলে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার জানান, ঘটনাটি জানার পর থেকে তাদের উদ্ধারে বিভিন্ন থানায় বার্তা সহ ছবি পাঠানো হয়।

পরে অপহরণকারীদের তিনটি মোবাইল ফোন ট্রাকিংয়ের মাধ্যমে অনুসন্ধান করে তাদের অবস্থান জেনে খিলক্ষেত থানা পুলিশের সহায়তায় অভিযান চালানো হয়। এসময় অপহরণকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের স্টেশনে ফেলে পালিয়ে যায়।

তিনি আরও জানান, দুই স্কুলছাত্রকে অপহরণের ঘটনায় গত (০১ জুন) বুধবার সন্দেহভাজন তিনজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চলছে।

গত ২৫ মে বিকেলে রাব্বি ও রাহেলকে অপহরণ করা হয়। দু’দিন পর একটি মোবাইল ফোন থেকে রাব্বির বাবা মুকুলের কাছে ফোনে মুক্তিপণের জন্য ১০ লাখ টাকা দাবি করা হয়।

মুক্তিপণ দাবির একদিন পর আবার মুকুলকে ফোন করা হয়। ফোনকারী নিজেকে রাজবাড়ি জেলার কালুখালী থানার এসআই নাজমুল হাসান বলে পরিচয় দিয়ে বলে, আপনার ছেলেসহ দুইজনের কিডনি কেটে নেওয়ার কারণে তারা অসুস্থ। তাদের উদ্ধার করে রাজবাড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল থেকে তাদের নিয়ে যেতে বলা হয়।

পরে বিষয়টি থানায় লিখিতভাবে জানানো হয়। অপহরণকারী দলের সদস্যরা আবারও নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ওই দুই শিশুর খাওয়া খরচ হিসেবে বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা চায়। তারা এ কৌশল অবলম্বন করে বিকাশের মাধ্যমে ৮ হাজার টাকা হাতিয়ে নেয়।

এমআর