বাংলাদেশ ও ভারতের মধ্যকার বহুল আলোচিত তিস্তার পানি বন্টন চুক্তি দ্রুত কার্যকর করার ব্যাপারে সফররত ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ অঙ্গিকার করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
আজ (বৃহস্পতিবার) বেলা আড়াইটায় পররাষ্ট্র মন্ত্রনালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। সকালে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রীর মধ্যে বৈঠককালে সুষমা এমন অঙ্গিকার করেছেন বলে জানান মাহমুদ আলী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশের পাশে সব সময় সহযোগিতামূলক মনোভাব নিয়ে থাকারও অঙ্গিকার ব্যক্ত করেন।
তিনি বলেন, দুই দেশের মধ্যে রাজনৈতিক, নিরাপত্তা, পানি ও সংস্কৃতি বিনিময় খাতে সহযোগিতার ব্যাপারেও ইতিবাচক আলোচনা হয়েছে।
আঞ্চলিক উন্নয়ন খাতে সহযোগিতার ক্ষেত্রে কানেকটিভিটির ওপর গুরুত্বারোপ করা হয়েছে বলেও জানান পররাষ্ট্র মন্ত্রী মাহমুদ।
দুই দেশের পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠককালে বাংলাদেশের ভূখন্ড ব্যবহার করে ভারত বিরোধী কোন সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করা হবে না মর্মে বাংলাদেশের পক্ষ থেকে অঙ্গিকার করা হয়েছে বলেও মন্ত্রী জানান।
এছাড়া, সীমান্তে নিহতের সংখ্যা শুন্যে নামিয়ে আনার ব্যাপারে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী আবারও আশ্বাস ব্যক্ত করছেন বলেও জানান মাহমুদ আলী। উ্ল্লেখ্য, সীমান্তে প্রতিনিয়ত নিরস্ত্র বাংলাদেশীদের হত্যা করছে ভারতীয় সীমান্ত রক্ষী বিএসএফ।
পররাষ্ট্র মন্ত্রী মাহমুদ আলী আরও বলেন, বৈঠকে ব্রক্ষপুত্র ও গঙ্গা নদীর অববাহিকায় বাংলাদেশকে পানির ন্যায্য হিস্যা প্রদানে অঙ্গিকার করেছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রী।
এছাড়া, ১৯৭৪ সালের ইন্দিরা-মুজিব চুক্তি অনুযায়ী বাংলাদেশের প্রাপ্য ছিটমহল দ্রুত বিনিময় করার ব্যাপারেও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান মাহমুদ আলী।
ভারতের বাজারে বাংলাদেশের পন্যের অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করতে নন ট্যারিফ ও প্যারাট্যারিফ বাধা দূরীকরনে ভারতকে অনুরোধ জানানো হয়। বিষয়টি বিবেচনার আশ্বাস দেন সুষমা।
বাংলাদেশ ভারত সীমান্তে আরও ৪টি নতুন বর্ডার হাট বা সীমান্ত বাজার খোলার ব্যাপারেও আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী।
ঢাকা, ২৬ জুন (টাইমনিউজবিডি.কম) // কেবি





