গাজীপুরের পূবাইলে টায়ার তৈরির একটি কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ কামাল মিয়া (৫০) নামে অপর একজনের মৃত্যু হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি মারা যান। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িযেছে ৮ জনে।

শনিবার বিকেলে লাগা আগুনে ঘটনাস্থলেই এক নারীসহ ছয়জন নিহত হন। এ ছাড়া আরও বেশ কয়েকজন দগ্ধ হন। তাদের মধ্যে আবদুল কাদের (৬৫) নামে এক বৃদ্ধ রবিবার ভোরে ঢামেক হাসপাতালে মারা যান।

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল মঙ্গলবার সকালে জানান, কামাল মিয়ার শরীরের ১০০ শতাংশ পুড়ে যায়। তিনি সকাল ৭টার দিকে মারা গেছেন।

স্মার্ট মেটাল অ্যান্ড কেমিকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের ওই কারখানায় শনিবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয় বারইবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা জেবুন নেছা রিকশাযোগে কারখানার পাশ দিয়ে যাচ্ছিলেন। এতে তিনি দগ্ধ হয়ে মারা যান। এ ছাড়া কারখানায় কর্মরতদের মধ্যে ঘটনাস্থলে পাঁচ শ্রমিক নিহত হন। নিহতদের শরীর এমনভাবে পুড়ে যায় যে কারো চেনার উপায় ছিল না। ঘটনায় আহত হন ওই কারখানার অন্তত ১০ শ্রমিক।

এমএম