নাগরিক প্রমাণ করতে পারলে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমার ফেরত নেবে বলে জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি।
সোমবার (১০ জুলাই) দুপুরে উখিয়ার কুতুপালং নিবন্ধিত শিবিরে রোহিঙ্গাদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
ফিলিপ্পো গ্রান্ডি বলেন, ‘বাংলাদেশে আসার আগে আমি মিয়ানমারের রোহিঙ্গা অধ্যুষিত সিটওয়ে ও মংডু শহর সফর করেছি। মিয়ানমারে স্টেট কাউন্সিলর অংসান সু চির সঙ্গে দীর্ঘদিন ধরে বিরাজমান সমস্যা নিয়ে আমার আলাপ হয়েছে। যাচাই-বাছাই পূর্বক যারা নাগরিক হিসেবে চিহ্নিত হবে তাদের স্বদেশে ফেরত নেবে মিয়ানমার।’
সোমবার দুপুর ১২টার দিকে ইউএনএইচসিআর হাইকমিশনারের নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধিদল উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবির পৌঁছান। প্রতিনিধিদলটি কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন এবং তাদের সঙ্গে আলাপ করেন।
পরে সেখানে থেকে সম্প্রতি মিয়ানমার থেকে পালিয়ে আশ্রয় নেওয়া অনিবন্ধিত রোহিঙ্গাদের সঙ্গেও গোপনে আলাপ করেন এবং তাদের দুঃখ-দুর্দশার কথা শুনেন প্রতিনিধিদল।
এসময় শরণার্থী শিবিরে রোহিঙ্গারা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে দাবি-দাওয়া তুলে ধরেন। পরে বেলা ২টার দিকে প্রতিনিধিদলটি রোহিঙ্গা শিবির ত্যাগ করেন।
এমই





