আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। জনসাধারণের মধ্যে পর্যটন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছর জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) উদ্যোগে বিশ্বব্যাপী এই দিনকে ‘বিশ্ব পর্যটন দিবস’হিসেবে পালন করা হয়।
এবারও বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি পালনের উদ্যোগ নিয়েছে।
বেসরকারি বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় পর্যটন সংস্থা হিসেবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) দিনটিকে ঘিরে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এবারের বিশ্ব পর্যটন দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে পর্যটন।’
দিবসটি উপলক্ষে সোমবার দুপুরে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিটিবির প্রধান নির্বাহী কমকর্তা আখতারুজ জামান খান কবির এসব তথ্য জানান।
বিটিবির সভাকক্ষে এই প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি ছিলেন বেসরকারি বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম।
দিবসটি উপলক্ষে ২২ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে র্যা লি, সেমিনার, টক-শো, সংবাদপত্রে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, পর্যটন বিষয়ক বির্তক প্রতিযোগিতা, ফটোগ্রাফি এক্সিবিশন, তারকামানের হোটেল-মোটেল, রিসোর্টসমূহে খাদ্য ও আবাসনের ওপর বিশেষ ছাড়, সড়কদ্বীপ সজ্জা, আলোকসজ্জা, খাদ্য উৎসব, ব্যানার ওড়ানো।
ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





