সাভারে ছাত্রদল ও যুবদলের দুই গ্রুপের মধ্যকার সংঘর্ষে সাত নেতাকর্মী আহত হয়েছেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাভার পৌর এলাকার ছায়াবিথী মহল্লায় মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও বিএনপির একাধিক নেতাকর্মীরা জানায়, সাভার পৌর এলাকায় ছায়াবিথী মহল্লার সাভার পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সানাউল্লার গ্রুপের সঙ্গে আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল।
এরই জের ধরে সকাল ১০টার দিকে জাহাঙ্গীরের কয়েকজন কর্মী ছায়াবিথী এলাকার স্থানীয় একটি সড়কে দাঁড়িয়ে থাকলে সানাউল্লার লোকজন তাদের উপর হামলা চালায়। পরে এ খবর ছড়িয়ে পড়লে উভয় গ্রুপের নেতাকর্মীরা লাঠিসোঠা নিয়ে ঘটনাস্থলে পৌছালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে সাত নেতাকর্মী আহত হন। খবর পেয়ে সাভার মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) মোস্তফা কামাল জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
কেএইচ





