চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী ও ষষ্ঠ নির্বাচিত পরিষদের কাউন্সিলররা আজ শপথগ্রহণ করবেন।
আজ (১০ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকাল ১১ টায় ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়রকে ভার্চুয়ালি শপথবাক্য পাঠ করনোর কথা রয়েছে। কাউন্সিলরদের শপথ করাবেন স্থানীয় সরকার মন্ত্রী মো: তাজুল ইসলাম।
৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর আশরাফুল আলম জানান, শপথ অনুষ্ঠানে যোগদানের লক্ষ্যে স্ত্রী ও পুত্র-কন্যাকে নিয়ে আজ বিকেল ৩ টায় রেজাউল করিম চৌধুরী বিমানযোগে চট্টগ্রাম ত্যাগ করবেন। দুপুর ২টায় নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ মাঠ থেকে সোহাগ পরিবহনের দুইটি এসি বাসযোগে কাউন্সিলররা ঢাকার উদ্দেশে যাত্রা করবেন। তবে কয়েকজন কাউন্সিলর আত্মীয়-স্বজন নিয়ে ব্যক্তিগত গাড়িতে ঢাকা যেতে পারেন বলেও জানান আশরাফ।
রেজাউল করিম চৌধুরীর নির্বাচনী প্রচার সেলের প্রধান ও নগর যুবলীগ নেতা ফরিদ মাহমুদ জানান, ওসমানি স্মৃতি মিলনায়তনে শপথ অনুষ্ঠানে সরকারের মন্ত্রী পরিষদ, সংসদ সদস্যবৃন্দ এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ যোগ দেয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি চট্টগ্রাম থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের দুইশ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁরা সবাই নিজেদের ব্যবস্থাপনায় ঢাকা পৌঁছাবেন। মেয়র রেজাউল করিম সপরিবারে বিমানে যাচ্ছেন। মেয়র ও পরিবারের সদস্যরা ঢাকায় সিটি কর্পোরেশনের রেস্ট হাউজে অবস্থান করবেন।
কাউন্সিলর আশরাফ জানান, ঢাকায় কাউন্সিলররা তোপখানা রোডে হোটেল এশিয়ায় অবস্থান করবেন। কাল শপথের পর মেয়রের নেতৃত্বে তাঁরা ধানমন্ডি যাবেন এবং শনিবার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত শেষে চট্টগ্রাম ফিরে আসবেন।
উল্লেখ্য, সাধারণ ৪১ ও সংরক্ষিত ১৪ জন মিলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে মোট কাউন্সিলর ৫৫ জন। কিন্তু ২৭ জানুয়ারি নির্বাচনের কয়েকদিন আগে ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তারেক সোলেমান সেলিমের মৃত্যুতে ওই পদে ভোটগ্রহণ হয়নি। আগামী ২৮ ফেব্রুয়ারি এই ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন হবে।
এমবি





