কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট এলাকায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় এক সিনজিচালিত অটোরিকশা যাত্রী নিহত ও ৩ জন আহত হয়েছেন।

রোববার বিকালে সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আবু তালেব (৬০)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা সদরের মৃত চাঁন মিয়ার ছেলে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। তাদের ভালগপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানান, কিশোরগঞ্জ থেকে একটি যাত্রীবাহী অটোরিকশা কটিয়াদির দিকে যাচ্ছিল। পথে পুলেরঘাটের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী আবু তালেব নিহত হন এবং চালকসহ ৩ জন গুরুতর আহত হন।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির রব্বানী ঘটনাটি নিশ্চিত করেছেন।

ঢাকা, ২০ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ