চট্টগ্রাম, রাঙামাটি ও বান্দরবানের বিভিন্ন স্থানে পাহাড়ধসে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জাতীয় সংসদ।

বুধবার (১৪ জুন) অধিবেশনের শুরুতেই স্পিকার শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদের পক্ষ থেকে এই শোক প্রকাশ করেন।

এ সময় পাহাড়ধসে নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান স্পীকার।

পাহাড়ধসের পর উদ্ধারকাজ করতে গিয়ে যেসব সেনা সদস্য নিহত হয়েছেন তাদের জন্যও শোক প্রকাশ করেছে সংসদ।

উল্লেখ্য, চট্টগ্রাম, রাঙামাটি ও বান্দরবানের বিভিন্ন স্থানে টানা দুই দিনের প্রবল বর্ষণে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। তিন জেলায় পাহাড় ধসে এ পর্যন্ত ৪ সেনা সদস্যসহ নিহতের সংখ্যা বেড়ে ১৪১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরো বহু আহত এবং নিখোঁজ রয়েছে। প্রাণহানি আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এমই