সাতক্ষীরা সীমান্তের ইছামতি নদীতে এক বাংলাদেশি গরু রাখালের লাশ পাওয়া গেছে। নিহত রাখাল সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের হাড়দ্দাহা গ্রামের মৃত সদর উদ্দীন-এর পুত্র মো. নজরুল ইসলাম (৪০)।

বুধবার রাতে হাড়দ্দাহা সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে যায় সে। ২ দিন নিখোঁজ থাকার পর শুক্রবার রাতে তার লাশ ইছামতির নদীর ভারতীয় টাকি সীমান্তে ভাসতে থাকে। ভারতীয় হাসনাবাদ থানা পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে বসিরহাট মর্গে পাঠায়।

বিএসএফ সূত্র জানায়, নদী পথে গরু নিয়ে আসার সময় নদীতে ডুবে তার মৃত্যু হয়েছে।

নিহতের পারিবারিক সুত্রে জানায়, ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের পথে বিএসএফের নির্যাতনের শিকার হয়ে তার মৃত্যু হয়েছে। নিহতের লাশ ফিরিয়ে আনার জন্য যোগাযোগ চলছে।

সাতক্ষীরা সদর থানার ওসি এনামূল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ফিরিয়ে আনতে দু’দেশের পুলিশ পর্যায়ে আলোচনা চলছে।

ঢাকা, ১২ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস