কুমিল্লায় বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের গাড়ি বহরের এক যুবদল নেতাসহ সারাদেশে আলাদা সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় ৪০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৯ জুন) এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা: দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন গাড়ি বহর নিয়ে কুমিল্লার দাউদকান্দি যাচ্ছিলেন। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমিরাবাদ এলাকায় শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে গাড়িবহরের একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই যুবদল নেতা জুয়েল মারা যান। এসময় আহত ১৫ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে ৯ জনকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

নারায়ণগঞ্জ: সকালে নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খাদুন এলাকায় বাস ও লেগুনার সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে খাদে পড়ে ১০ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদারীপুর: ভোরে মাদারীপুরের কালকিনি উপজেলার ভাঙ্গাব্রিজ এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী ঈগল পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের চালক রবিউল ইসলাম মারা যান। এ সময় আহত ১৫ জনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

নাটোর: নাটোরের পন্ডিতগ্রাম এলাকায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। অন্যদিকে, রাজবাড়িতে এক পুলিশ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জসহ বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরো ৫ জন।

এসএম