রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় ট্রেনের ছাদ থেকে পড়ে আনিসুর রহমান (৫০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে অজ্ঞাত আরও এক যাত্রী পড়ে আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহের গফরগাঁও থেকে আনিসুর রহমান ও আরেক যাত্রী একটি ট্রেনের ছাদে চড়ে ঢাকার কমলাপুরে ফিরছিলেন। তারা ক্যান্টনমেন্ট এলাকায় পৌঁছলে দু’জনই নিচে পড়ে যান।

পুলিশ সদস্যরা আহত এই দুই যাত্রীকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। কিন্তু আনিসুর রহমানের অবস্থার অবনিত দেখে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান। দুপুর দেড়টার দিকে তিনি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, ট্রেনের ছাদ থেকে পড়ে এক যাত্রী নিহত ও আরেকজন আহতের খবর পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমকে