ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শ্রমিকলীগের দু’গ্রুপের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয় কমপক্ষে ৮ জন।

মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার স্থানীয় আলম এশিয়া বাসট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সম্প্রতি শ্রমিকলীগ নেতা মনির উদ্দীনকে হটিয়ে ময়মনসিংহ জেলা থেকে শ্রমিকলীগ নেতা উজ্জলকে উপজেলা শ্রমিকলীগের কমিটি নিয়ে আসে। এ নিয়ে ক্ষোভে ফেটে পড়ে তার সমর্থকরা।

এদিকে গত দু’দিন আগে অটোটেম্পো, ইজিবাইক-সিএনজি মালিক সমিতির আহ্বায়ক করা হয় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অছেক বিল্লাহ শামীমকে। পরে সে মনির গ্রুপের সঙ্গে মিলিত হয়।

সিএনজি-অটোরিকশা স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে মঙ্গলবার বেলা পৌনে ১২টা দিকে দু’পক্ষই আলম এশিয়া বাসট্যান্ডে জড়ো হলে তাদের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গুরুতর আহত অবস্থায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অছেক বিল্লাহ শামীম (৩৫), শ্রমিকলীগ নেতা মনির উদ্দীন (৪০), আমজাদ (৪০), রিজন (১৫), জুনায়েদ (১৮) ও আনোয়ারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব এর সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলা শ্রমিক লীগের কমিটি নিয়ে বিরোধকে কেন্দ্র করেই দু’পক্ষের মাঝে সংঘর্ষ বাধে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

ওএই/এসএইচ