হঠাৎ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কিছুটা নমনীয় হওয়ায় বেনাপোল সীমান্ত দিয়ে আবারো আসছে গরু। রবিবার থেকে এসব গরু আসতে শুরু করে। রবিবার (৬ সেপ্টেম্বর) ৪২০টি ও সোমবার (৭ সেপ্টেম্বর) ৬৫০টি বেনাপোলের বিভিন্ন সীমান্ত হয়ে বাংলাদেশে আসে।
এদিকে, বেনাপোল সীমান্তে ৩টি গরু দিয়ে আরো একটি নতুন গরু খাটাল (বিট) উদ্বোধন হয়েছে। এনিয়ে বেনাপোল সীমান্তে মোট ৫টি গরু খাটালে আসছে ভারতীয় গরু।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল সীমান্তের দৌলতপুরে ‘নাজিম উদ্দিন’ নামে ৫ম গরু খাটালের উদ্বোধন করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুস ছালাম। এর আগে, ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) তিনি বেনাপোলের গোগা বিওপি সীমান্তে আহাসানুল হক পিন্টু নামে একটি গরু খাটালের উদ্বোধন করেন। সব মিলিয়ে বেনাপোল সীমান্তে ৫টি গরু খাটাল অনুমোদিত হলো। এছাড়া আরো কমপক্ষে ১০টি খাটালের আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।
সীমান্তবর্তী রুদ্রপুরের গরু ব্যবসায়ী তবি মেম্বর জানায়, ১ দিন যদি ৭০০-৮০০টি গরু ও মহিষ আসে তাহলে ৩ দিন আসেনা। এ ভাবে অল্পসংখক গরু আসছে। গরু আসা শুরু হলেও মূল্য কমছে না। গরু আসার পরিমাণ যদি বেশী হতো, তাহলে গরুর দাম অনেক কমে যেত। ভ্যাট আদায়কারীরা ভ্যাট ফাঁকি দিয়ে অনেক গরু পাচার করছে বলে অভিযোগ রয়েছে। ইতোপূর্বে ভ্যাট ফাঁকি দেওয়া অনেক গরু বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা আটক করেছে।
২৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আব্দুর রহিম জানান, গত বছরের চেয়ে এ বছরে গরু ও মহিষ অনেক কম আসছে। এভাবে সীমান্ত পথ দিয়ে নিয়মিত গরু আসলে এলাকার মানুষ বিভিন্ন অবৈধ ব্যবসা থেকে সরে এসে গরুর ব্যবসায় নিয়োজিত হবে। সরকার উপার্জন করবে প্রচুর রাজস্ব।
নাভারণ ভ্যাট অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা হাফিজ উদ্দিন জানান, বেনাপোল সীমান্তে সরকার অনুমোদিত ৫টি গরু খাটাল রয়েছে। এগুলো হচ্ছে- পুটখালী বিওপি সীমান্তে নাসিম রেজা পিন্টুর গরু খাটাল, অগ্রভুলোটে আব্দুর রশিদ চেয়ারম্যানের গরু খাটাল, রুদ্রপুরে কামরুল ইসলামের গরু খাটাল, দৌলতপুরে নাজিম উদ্দিনের গরু খাটাল ও গোঁগায় আহাসানুল ইসলাম পিন্টুর গরু খাটাল।
এসব খাটালে ১ সেপ্টেম্বর-৭ সেপ্টেম্বর এই ১ সপ্তাহে ভারত থেকে ৫,৭৮৪ টি গরু ও মহিষ এসেছে। গরু প্রতি পাঁচশ টাকা হারে ভ্যাট আদায় করা হচ্ছে বলেও জানান হাফিজ উদ্দিন। এ রিপোর্ট লেখা পর্যন্ত গরু আসা অব্যহত রয়েছে।
এআই





