রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রী ডক্টর আব্দুল মঈন খানের সঙ্গে ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনারের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি জানান, মালয়েশিয়া বাংলাদেশ থেকে মোট প্রায় ২ লাখ শ্রমিক নেওয়ার পরিকল্পনা করেছে। বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে। আগামী সেপ্টেম্বর থেকেই শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, নিয়মিত প্রক্রিয়ায় নেওয়া প্রায় ২ লাখ শ্রমিকের বাইরে আরও ১০ হাজার বাংলাদেশি কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় নেওয়া হবে।
মালয়েশিয়ার সঙ্গে কারিগরি সহযোগিতার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি। মালয়েশিয়ায় সড়ক নির্মাণ ও টেকসই করতে রাবার মিশ্রিত বিটুমিন ব্যবহার করা হয়। ওই প্রযুক্তি বাংলাদেশেও প্রয়োগ করে সড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ক্ষেত্রে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেবে মালয়েশিয়া। পাশাপাশি বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়নেও সহযোগিতার আশ্বাস দিয়েছে দেশটি।
এনএইচ