৩ দিনের সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার রাত ১২টা নাগাদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এর আগে স্থানীয় সময় রবিবার (২৯ এপ্রিল) বিকেল ৪টায় থাই এয়ারওয়েজের টিজি-৪৭২ ফ্লাইটে সিডনির কিংস ফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা। পথে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাত্রা বিরতি করবেন তারা।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড নেয়ার জন্য বিশ্ব নারী সম্মেলনে (গ্লোবাল সামিট অন উইমেন) অংশ নিয়ে সিডনি অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গ্লোবাল সামিট অন উইমেন সম্মেলন থেকে বাংলাদেশে নারী শিক্ষার প্রসার এবং নারী উদ্যোক্তা সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে গ্লোবাল উইমেন’স লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৮ সম্মাননা দেওয়া হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। শুক্রবার (২৭ এপ্রিল) সিডনির আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (আইসিসি) তিনি এই অ্যাওয়ার্ড গ্রহণ করেন।