ভোলার চরফ্যাশন উপজেলার বকসিঘাটের নিকটবর্তী বুরাগৌরঙ্গ নদীতে লঞ্চ থেকে পড়ে সোহাগ নামে এক বাবুর্চি নিখোঁজ হওয়ার ২ দিন পর বুধবার বিকাল সাড়ে ৩ টার দিকে বকশিঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত সোহাগ উপজেলার আবুবকরপুর ইউনিয়নের আলাউদ্দিনের ছেলে। গত সোমবার চরফ্যাসন থেকে   ঢাকাগামী যাত্রীবাহি এম ভি পিন্স রাসেল -১ লঞ্চ থেকে   বাবর্চি সোহাগ নদীতে পড়ে নিখোঁজ হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, গত সোমবার দুপুর ১২টার দিকে চরফ্যাশনের বাবুরহাট লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় প্রিন্স রাসেল-১। লঞ্চটি বুরাগৌরাঙ্গ নদীর বকসিঘাট এলাকার নিকটবর্তী এলাকা দিয়ে যাচ্ছিলো।

এ সময় গোসল করা অবস্থায় পা পিঁছলে লঞ্চের বাবুর্চি সোহাগ নদীতে পড়ে নিখোঁজ হয়।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায় এবং কোস্ট গার্ড অনেক খোঁজাখুজি করলেও তাকে আর পায়নি।

চরফ্যাশনের শশীভুষণ থানার অফিসার ইনচার্জ সামসুল আরেফিন জানান, বুধবার জেলেরা বুরাগৌরঙ্গ নদীর বকশিঘাট এলাকায় একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত সোহাগের লাশ তার পিতা আলাউদ্দিন শনাক্ত করে। এর পর ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করা হয়।

এসএইচ