মালয়েশিয়া যাওয়ার পথে সেন্টমার্টিন এলাকায় পাচারকারীদের গুলিতে নিহত মনিরামপুরের এনায়েতপুর গ্রামের রুবেল (২৮) ও সেলিমের (২০) বাড়িতে চলছে কান্নার রোল। আর একই বহরে বিদেশযাত্রী ওই এলাকার আরও ৮ জনের কোন খোঁজ খবর না পেয়ে তাদের স্বজনদের মধ্যে চলছে উদ্বেগ-উৎকণ্ঠা।
বৃহস্পতিবার ওই গ্রামে গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সন্ধ্যায় হঠাৎ করেই এই গ্রামের দশ যুবক ঘর ছাড়েন। নিহত রুবেল, সেলিমের পাশাপাশি ওই বহরে ছিলেন, একই গ্রামের মশিয়ার, পিপলু, কালাম, ওয়াদুদ, আক্তার, আসাদুলসহ আরও দুজন।

এনায়েতপুর গ্রামের আজিজের ছেলে দালাল মিন্টু ও আজিজ দফাদারের জামাই দালাল রফিকুল তাদের মালয়েশিয়া পাঠানোর জন্য কক্সবাজারে নিয়ে যান। কিন্তু বাড়ি ছাড়ার এক সপ্তাহ পর বুধবার সন্ধ্যায় গ্রামে খবর আসে ট্রলারে দালালদের গুলিতে নিহত হয়েছে রুবেল ও সেলিম। এরপর থেকেই গোটা গ্রামে নেমে আসে শোকের ছায়া। রুবেলের স্ত্রী ও এক সন্তান রয়েছে।
বিলাপ করতে থাকা রুবেলের স্ত্রী রাহিমা জানান, দিনমজুরি করে তাদের সংসার চলে। সামান্য কিছু টাকা নিয়ে সে বের হয়ে যায়। কাউকে ঠিকমত কিছু বলেও যায়নি।
রুবেলের বাবা মোকাম সরদার জানান, বিদেশে পাঠানোর মতো কোনো টাকা তাদের নেই। কিন্তু মিন্টু রুবেলকে বলেছে মালয়েশিয়া গিয়ে টাকা শোধ করতে হবে। তারপরও রুবেলকে তারা নিষেধ করেছে। কিন্তু নিষেধ না শুনেই বুধবার সন্ধ্যায় হঠাৎ তারা বাজার থেকেই রওনা দেয়।
রুবেলের বাড়ির কয়েকবাড়ি পরেই সেলিমের বাড়ি। তিন ভাইয়ের মধ্যে ছোট সেলিমের ভিটেবাড়িতে ভাঙ্গা একটি ঘর ছাড়া আর কিছু নেই। রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করে জীবন চলতো তার। বাড়ির সামনে রাস্তার ওপর সেলিমের মা জাহিদা বেগম আহাজারি করে চলেছেন, ‘মিন্টুর হাত পায় ধইরে কলাম, আমার সোনারে ফিরোয়ে আইনে দে। ফিরোয়ে আনার জন্যি এক হাজার টাকাও নিলো। ও আল্লা, লাশ তো আমি চাইনি। ও সোনা, তুই কেন চুরি কইরে গেলি...!’ সেলিমের স্ত্রী বিলকিস দুই বছরের ছেলে ইয়াসিনকে কোলে নিয়ে শূন্যদৃষ্টিতে তাকিয়ে ক্ষণে ক্ষণে চোখ মুছছেন। তিনি জানালেন, যে দিন সেলিম বাড়ি ছাড়ে সেদিন তিনি বাবার বাড়িতে ছিলেন, তাকে শুধু ফোনে বলেছে, সে মালয়েশিয়া যাচ্ছে। নিষেধ করলেও শোনেনি।
স্থানীয়রা জানান, এনায়েতপুর গ্রামের রুবেল ও সেলিমের মৃত্যুর খরব আসলেও বাকী ৮ জনের নিয়ে ছড়িয়ে পড়েছে নানা খবর। কেউ বলেছেন, গুলিবিদ্ধ হয়েছে, কেউ বলেছেন আহত। আবার কেউ বলেছেন, খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের অবস্থা নিয়েও শঙ্কিত এলাকাবাসী।

ঢাকা, ১২ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই