মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এম এ হান্নান বলেছেন, গণ শুনানির মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধা বের করার চিন্তাভাবনা করছে সরকার। ইতোমধ্যে ভূয়া মুক্তিযোদ্ধা সনদধারী কয়েকজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

বুধবার রাত ১০টায় জেলা সার্কিট হাউজ মিলনায়তনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নির্মাণ সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

জেলা প্রশাসক জয়নাল আবেদীনের সভাপতিত্বে ওই সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নির্মাণ প্রকল্পের পরিচালক ও হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক মাহমুদ হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নির্মাণ প্রকল্পের পরিচালক মুজিবুল হক সমাজি, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার মোহাম্মদ আলী পাঠান প্রমুখ।

তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধারা হচ্ছেন আমাদের সূর্যসন্তান। আমি এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে গৌরব বোধ করছি। মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন না করলে আজ আমরা বিভিন্ন পদে আসীন হতে পারতাম না। মানসম্মত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নির্মাণে সরকার বদ্ধ পরিকর এবং এ ব্যাপারে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে বলে উল্লেখ করেন তিনি।

এএইচ