ঈদের আগে-পরে কক্সবাজার সমুদ্রে গোসল করার সময় ডুবে তিনজন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন একজন নাট্যকারসহ দুইজন।

ঈদের আগের দিন শুক্রবার কক্সবাজার সমুদ্র সৈকতে রাখাইনদের বর্ষা উৎসব চলাকালে সাগরে ডুবে মারা যান দুই যুবক। নিখোঁজ হন একজন। এছাড়া, ঈদের পরদিন উখিয়ার ইনানী সমুদ্র সৈকতে গোসল করার সময় সাগরে ডুবে মারা যায় এক কিশোর। একই দিন রামুর পেঁচারদ্বীপ সমুদ্র সৈকতে গোসল করার সময় নিখোঁজ হয়ে যান ফারুক হোসেন নামের এক চিত্র নাট্যকার।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে কক্সবাজারের শৈবাল পয়েন্টে সমুদ্রে গোসল করার সময় ডুবে নিখোঁজ হয়ে যান কক্সবাজার শহরের মাছ বাজার এলাকার মংবাতা রাখাইনের ছেলে ক্যাংমউ রাখাইন (১৯) ও রাঙ্গামাটির চন্দ্রঘোনা এলাকার গৌতম মারমা চৌধুরীর ছেলে ইমন মারমা চৌধুরী (১৮) এবং চৌফলদণ্ডির অপর এক যুবক। প্রায় আধঘণ্টা পর দুইজনের লাশ উদ্ধার হলেও ইমন মারমা খোঁজ মেলেনি আজ অবধি।

সৈকতে নিয়োজিত রবি লাইফ গার্ডের ইনচার্জ সৈয়দ নুর বলেন, ‘নিহতরা অতিরিক্ত মদপান করেই গোসল করতে নামে। সাগর উত্তাল থাকায় তারা নিজেকে স্থির রাখতে পারেননি। ফলে স্রোতের তোড়ে তলিয়ে যায়।’

ইয়াসির লাইফ গার্ডের ইনচার্জ মোস্তফা কামাল বলেন, ‘জোয়ার-ভাটার সময় নিষেধ থাকলেও পর্যটকরা মানতে চান না। এছাড়া অনেকে সাগরের গভীরে চলে যায়। ফলে তারা দুর্ঘটনার শিকার হন।’

অপরদিকে, উখিয়ার ইনানী সী-বীচে ঈদের পরদিন রবিবার দুপুর ১২টার দিকে কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইসলামপুর এলাকার চার বন্ধু গোসল করতে নেমে সাগরের ঢেউয়ের সাথে তলিয়ে যায়। এ সময় অন্য পর্যটকরা তাৎক্ষণিকভাবে তিনজনকে জীবিত উদ্ধার করলেও অপরজন নিখোঁজ হয়ে যায়। এর প্রায় ২ ঘন্টা পর ইনানীর চারা বটতলী সী-বীচ এলাকা থেকে ভাসমান অবস্থায় মোঃ রুবেল (১৬) নামের নিখোঁজ ওই কিশোরের লাশ উদ্ধার হয়। নিহত রুবেল ইসলামপুর ইউনিয়নের নাপিত খালী গ্রামের আবুল কাশেমের ছেলে।

এদিকে, কক্সবাজারের রামুর পেঁচার দ্বীপ এলাকার মারমেড ইকো রিসোর্ট সংলগ্ন সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নাট্যকার ফারুক হোসেন নিখোঁজ রয়েছেন। ঈদের পরদিন রবিবার বিকাল তিনটার দিকে কবি নির্মলেন্দু গুণের মেয়ে নাট্য নির্মাতা মৃত্তিকা গুণসহ তারা গোসল করতে নেমেছিলেন। ফারুক হোসেন মৃত্তিকার বন্ধু। নির্মলেন্দু গুণের উপন্যাস ‘কালো মেঘের ভেলা’ অবলম্বনে চলচ্চিত্রের চিত্রনাট্য নির্মাণ করছিলেন ফারুক হোসেন। সরকারি অনুদানে চলচ্চিত্রটির নির্মাণ করা হচ্ছে। এছাড়া ফারুক হোসেন ‘সুলতানা বিবিয়ানা’, ‘ওয়ারিশ’ ও ‘পুলিশগিরি’ ছবির চিত্রনাট্য লেখার কাজ করছিলেন। সেই সঙ্গে ‘আম্মাজান’ ও ‘ছুটির ঘণ্টা’ (রিমেক) ছবিরও চিত্রনাট্য লিখছিলেন তিনি।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম বলেন, ‘সম্ভাব্য সব স্থানে ফারুক হোসেনকে খোঁজা হয়েছে। কোথাও মৃত কিংবা জীবিত তাকে পাওয়া যায়নি। এছাড়া সৈকতে ট্যুরিস্ট পুলিশ নিয়োজিত রয়েছে। পুলিশ পর্যটকের নিরাপত্তায় কাজ করছে।’

এএইচ