খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি সাংবাদিক নুর নবী (অন্তর মাহমুদ) কে প্রকাশ্যে গুরুতর ভাবে পিটিয়েছেন উপজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি শওকত আকবর।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুর সাড়ে ১২ টায় অন্তর মাহমুদ নিউজ সংক্রান্ত কাজে গিয়েছিলেন উপজেলা কৃষি অফিসে। অত্র অফিস থেকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ফিরলে সেখানে আগে থেকে অবস্থান নিয়ে থাকেন শওকত আকবর।
অন্তর মাহমুদ তার দোকান খুলতে গেলে পাশের কুলিং কর্ণারের সামনে রাখা জ্বালানী কাঠের বোঝা থেকে লাঠি বের করে এলোপাতাড়ি আঘাত করেন শওকত আকবর।
আর বলতে থাকে '৪০ হাজার টাকা দিলিনা কেন? টাকা দে। তোর কোন বাবা আজ তোকে বাঁচায় আমি দেখব। আমি মাটিরাঙ্গার সকল সাংবাদিকদের বংশ ধ্বংস করে দিব।'
এলোপাতাড়ি মারধরের এক পর্যায়ে এই ঘটনা উপজেলার সকল সাংবাদিকরা জানতে পারলে তাকে সাথে করে নিয়ে সবাই সেনাবাহিনীর জোনে ছুটে যান এবং অন্তর মাহমুদসহ তাদের সকল সাংবাদিকদের প্রাণের নিরাপত্তা চান।
যুবলীগ নেতা শওকত আকবরের বিরুদ্ধে চাঁদাবাজি, থানার দালালীসহ অনেক অভিযোগ রয়েছে। সেনাবাহিনী অন্তর মাহমুদের অভিযোগ শুনে নিরাপত্তা নিশ্চিত করলে, সহকর্মীরা তাকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে হাসপাতালে ভর্তি হতে পরামর্শ দিলে সহকর্মীরা তাকে হাসপাতালে ভর্তি করেন।
আবু বকর/জেড





