রাজধানীর গুলিস্তানের পুলিশ বক্সের পাশের মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা থেকে এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার ভোরে ওই মাদ্রাসা থেকে পল্টন থানা পুলিশ ছাত্রটির লাশ উদ্ধার করে।

নিহত ছাত্রের নাম মো. জিদান (১১)। সে ময়মনসিংহের গফরগাঁওয়ের হামিদ উদ্দিনের ছেলে।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল জানান, গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে ওই মাদ্রাসার এক শিক্ষক শৌচাগারে যাওয়ার জন্য তাঁর কক্ষ থেকে বের হন। এ সময় তিনি শিশু জিদানকে অস্বাভাবিক অবস্থায় পড়ে থাকতে দেখেন। বিষয়টি দেখার পর তিনি মাদ্রাসার অন্য ছাত্রদের ঘুম থেকে ডেকে তোলেন। পরে তাঁরা দেখতে পান জিদান মারা গেছে। খবর পেয়ে রাত ৪টার দিকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।

এসআই বলেন, এ ঘটনার ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

এমএ