মুন্সীগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় ফজলুল কাইয়ুম নামে সেনাবাহিনীর একজন মেজর নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন সেনা ও নৌ বাহিনীর সদস্যসহ চারজন। তিনি কুমিল্লা ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার বালুয়াকান্দি এলাকার ভূইয়া পাম্পের কাছে সেনা সদস্যদের বহন করা মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে এ হতাহতের ঘটনা ঘটে।
গজারিয়া হাইওয়ে পুলিশের এসআই আশ্রাফ উদ্দিন সামাদ জানান, ঘটনার পরপরই সেনা সদস্যদের আরেকটি গাড়ি আহতদের চিকিৎসার জন্য জন্য তাৎক্ষণিক ঢাকায় নিয়ে যায়।
গজারিয়া থানার উপ-পিরদর্শক (এসআই) মো. দিদার জানান, কুমিল্লা থেকে ঢাকাগামী ডাবল কেবিনের একটি মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।
তিনি আরো জানান, আহত অবস্থায় ঢাকা নেওয়ার পথে কুমিল্লা ক্যান্টনমেন্টের মেজর ফজলুল কাইয়ুম মারা যায় বলে খবর পাওয়া গেছে। অন্যান্য আহতদের মধ্যে অজ্ঞাত এক নৌবাহিনীর সদস্য ও অজ্ঞাত পথচারীসহ আরো এক ক্যাপ্টেন মাফিউর রহমান রয়েছেন।
একএইচ





