নগরির খালিশপুরে রাষ্ট্রায়াত্ত ক্রিসেন্ট জুট মিলে আগুন লেগেছে। আগুন ও পানিতে ভিজে প্রায় ২০ লাখ টাকার পাটের রোল ও মেশিনের ক্ষতি হয়েছে বলে জানান মিল কর্তৃপক্ষরা।
রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মিলের ১নং ইউনিটের ব্যাচিং ও প্রিপিয়ারিং বিভাগে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস ও মিল কর্তৃপক্ষ ।
কর্তৃপক্ষরা বলেন, মিলের নিরাপত্তাকর্মী, শ্রমিক ও ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় পৌনে একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, দুপুর ২টার দিকে ১ নং ইউনিটের ব্রেকার কার্ড ম্যাশিনের পাশ থেকে ধোয়া বের হয়। এরপরই আগুন লেগে যায়। মিলের কর্মরত শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। শ্রমিকদের প্রচেষ্টায় আগুন তীব্র হতে পারেনি। পরে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের খালিশপুর, দৌলতপুর ও সদর দফতরের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পৌনে একঘণ্টা পর দুপুর সোয়া ৩টার দিকে আগুণ নিয়ন্ত্রণে আসে। তবে সম্পূর্ণ নির্বাপন হয় বিকেল সাড়ে ৩টার দিকে।
আব্দুল্লাহ/এমবি





