বকেয়া বেতন-ভাতার দাবিতে আন্দোলনরত খুলনা অঞ্চলের রাষ্ট্রায়াত্ত পাটকল শ্রমিকরা তাদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে। আগামীকাল সকাল ৬টায় তারা কাজে যোগ করবেন।
আর আগামী রোববারের মধ্যে ৪ সপ্তাহের বকেয়া বেতন এবং ২৫ তারিখের মধ্যে সব পাওনা পরিশোধের শর্তে তারা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নিল।
বুধবার সচিবালয়ে পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রমানিক, প্রতিমন্ত্রী মির্জা আজমসহ সংশ্লিষ্টদের সঙ্গে খুলনা অঞ্চলের পাটকল শ্রমিক নেতাদের বৈঠক শেষে একথা জানান রাষ্ট্রায়াত্ত পাটকল শ্রমিক কর্মচারী ঐক্যপরিষদের আহ্বায়ক সোহরাব হোসেন।
বৈঠকে শেষে সোহরাব হোসেন বলেন, ‘পাটকল শ্রমিকদের বেতন এবং শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রী ১ হাজার কোটি টাকা দেয়ায় তাকে ধন্যবাদ।’
তিনি বলেন, ‘যেহেতু অর্থমন্ত্রণালয় কর্তৃক প্রধানমন্ত্রীর ঘোষিত টাকা এখনো ছাড় হয়নি তাই আমরা আগামী রোববারের মধ্যে ৪ সপ্তাহের বকেয়া বেতন এবং আগামী ২৫ তারিখের মধ্যে সব পাওনা পরিশোধের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার কারে নিলাম। আগামীকাল সকাল ৬টায় সব শ্রমিক কাজে যোগ দেবেন।’
নিজেদের কারণেই পহেলা বৈশাখের আগে ২ সপ্তাহের বেতন নেয়া যায়নি বলে জানান সোহারাব হোসেন।
এর আগে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, ‘আগামী রোববারের মধ্যে ৪ সপ্তাহের বকেয়া বেতন দেয়া হবে শ্রমিকদের। আর ২৫ তারিখের মধ্যে সব পাওনা পারিশোধ করা হবে। এ সিদ্ধান্তে তারা আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে।’
এমই





