গাজীপুরের টঙ্গীতে শনিবার সকাল ও দুপুরে পৃথক দুটি স্থানে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন নারী, অপরজন পুরুষ।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই জিয়া জানান, দুপুর ২টার দিকে টঙ্গীর মধুমিতা এলাকায় অজ্ঞাত ট্রেনে কাটা পড়ে এনামুল হক (৩২) নামে এক ব্যক্তি মারা যান। তিনি ঠাকুরগাঁওয়ের ফুর্তিবাড়ি এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে। দুর্ঘটনায় তার শরীরের বিভিন্ন অংশ কাটা পড়ে। আবেদনের পরিপ্রেক্ষিতে তার লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে সকাল সাড়ে ৮টার দিকে টঙ্গীর মরকুন দক্ষিণপাড়া এলাকায় রেলপথ পার হবার সময় শিল্পি (৩০) নামে এক নারী ঢাকাগামী তুরাগ ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনায় তার বাম পা এবং ডান হাত কাটা পড়ে। শিল্পির বাড়ি রংপুরের মিঠাপুকুর থানার গোপালপুর প্রামে। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এএইচ