রাজশাহী নগরের বর্ণালীর মোড় এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেস একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের চালক আল আমিন (২০) গুরুতর আহত হয়েছে।

পরে আল আমিনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আট নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাঁর বাড়ি নগরের দাসপুকুর এলাকায়।

আজ শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বেশ কিছু দূর মাইক্রোবাসটি ঠেলে নিয়ে যাওয়ার পর ট্রেনটি থামে। ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটির সামনের অংশটা প্রায় উড়ে গেছে। ট্রেন থামানো হলে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী যাত্রীরা সেখানেই নেমে যান। তখন মানুষের ভিড়ে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়।

রাজশাহী স্টেশনের তত্ত্বাবধায়ক বদিউজ্জামান জানান, মাইক্রোবাসটি নগরের অননুমোদিত গেট দিয়ে ঢুকেছিল। ট্রেনের সঙ্গে সংঘর্ষ হওয়ার কারণে ট্রেনের সামনের ‘গার্ডার’ ক্ষতিগ্রস্ত হয়েছে। শহীদ কামারুজ্জামান চত্বরের কাছে ট্রেন থামিয়ে সেটা মেরামত করা হয়। নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর ট্রেন স্টেশনে আসে।

এআই