আর মাত্র একদিন পরেই নারয়নগঞ্জ -৫ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এমন সময়েই নির্বাচন কমিশনে নেই প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) ৩ কমিশনার। এছাড়াও নির্বাচন কমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. সিরাজুল ইসলামও অসুস্থ হয়ে পড়েছেন । এ অবস্থায় নারায়নগঞ্জ-৫ আসনে সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সাবেক নির্বাচন কমিশনারগণ।
ইসি সূত্রে জানা গেছে, সিইসি কাজী রকিব উদ্দিন আহমদ গত ২০ জুন আন্তর্জাতিক একটি সেমিনারে যোগ দিতে কেনিয়া গেছেন। ইসি আব্দুল মোবারক গত শুক্রবার থেকে ছুটি নিয়ে গ্রামের বাড়ি চট্টগ্রামে গিয়েছেন। আর ইসি মো. শাহনেওয়াজ গত বৃহষ্পতিবার ছুটি নিয়ে গ্রামের বাড়ি চাঁদপুরে গিয়েছেন। ইসি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী ভোটার তালিকা হালনাগাদের বেশ কিছু কাজ নিয়ে রাজশাহীতে রয়েছেন।
এদিকে নির্বাচন কমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. সিরাজুল ইসলাম অসুস্থ হয়ে চলতি সপ্তাহে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ অবস্থায় শুধু নির্বাচন কমিশনার (ইসি) মোহাম্মদ আবু হাফিজ একাই নিবাচন কমিশনে অফিস করছেন। আর একাই সব সিদ্ধান্ত নিচ্ছেন।
এদিকে আর একদিন পরেই আগামী বৃহস্পতিবার (২৬ জুন) উপনির্বাচন অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ-৫ আসনে। সারাদেশের মানুষের দৃষ্টি এখন এই নির্বাচনের দিকে। অথচ এমন সময় কমিশনার শূন্য হয়ে পড়েছে নির্বাচন কমিশন। এ অবস্থায় নারায়নগঞ্জ-৫ আসনে সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সাবেক নির্বাচন কমিশনার মো. ছহুল হোসাইন বলেন, দায়িত্বশীল পদে থেকে এমনটি তারা করতে পারেন না। তাদের আরও দায়িত্বশীল হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।
সাবেক নির্বাচন কমিশনার ব্রি. জে. (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) যখন সেমিনারে অংশ নেয়া জন্য কেনিয়ায় রয়েছেন তখন দুই কমিশনারের ছুটিতে যাওয়া উচিত হয়নি। কেননা আগামী বৃহস্পতিবার নারায়ানগঞ্জ-৫ আসনের ভোট গ্রহণ হবে। এ নির্বাচনের দিকে দেশের মানুষের দৃষ্টি রয়েছে। সিইসি বর্তমানে দেশে নেই এখন সুষ্ঠু নির্বাচন হলেও জনগণের মনে প্রশ্ন দেখা দিবে। কি কারণে তিনি দেশে নেই। যেমনটা হয়েছিল উপজেলা নির্বাচনের সময়।
তবে সিইসিসহ অন্য কমিশনারগণ না থাকলেও নায়গঞ্জ -৫ আসনের নির্বাচন সুষ্ঠু হবে উল্লেখ করে নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ বলেন, নারায়নগঞ্জের সার্বিক পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে। কোন সমস্যা হলে ফোন করে ব্যবস্থা নিতে বলা হচ্ছে।
এছাড়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আমার সাথে ও রিটানিংকর্মকর্তাসহ আইনশৃঙ্খলাবাহিনীর কর্মকর্তাদের সাথে প্রতিনিয়ত ফোনে যোগাযোগ করছেন। আশা করি নারায়ণগঞ্জ-৫ আসনের নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে জানান তিনি।
ঢাকা, এএম, ২৪ জুন (টাইমনিউজবিডি.কম) // এআর





