একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ব্রিফিং অনুষ্ঠান থেকে গণমাধ্যম কর্মীদের বের করে দেয়ার সিদ্ধান্তটি সঠিক হয়নি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

শনিবার (২৪ নভেম্বর) নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্য শেষ করে নিজের দফতরের সামনে অপেক্ষমাণ সাংবাদিকদের কাছে ভুল স্বীকার করেন তিনি।

সিইসি বলেন, আজকের সিদ্ধান্ত সঠিক হয়নি। গণমাধ্যমকর্মীদের অনুষ্ঠানের প্রথম অংশজুড়ে থাকতে দিলে ভালো হতো। আগামীকালও একই ধরনের বৈঠক আছে। সেখানে গণমাধ্যমকর্মীদের থাকতে দেয়া হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচন পরিচালনা করা নির্বাচন কমিশনের দায়িত্ব। এ নির্বাচন পরিচালনার জন্য রিটার্নিং অফিসারদের জেলা-উপজেলা ও নির্বাচনী এলাকাভিত্তিক দায়িত্ব প্রদান করে থাকি। রিটার্নিং অফিসাররা আবার সহকারী রিটার্নিং অফিসার এবং প্রিজাইডিং অফিসারদের মাঠ পর্যায়ে নির্বাচন পরিচালনার দায়িত্ব দিয়ে থাকেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠপর্যায়ে কর্মকর্তাদের সহযোগিতা করবেন। এসব বিষয়সহ আইনের বিভিন্ন বিধি-বিধান সম্পর্কে তাদের নির্দেশনা দেয়া হয়েছে।

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের ব্রিফিংয়ের ডেকে এনে সংবাদকর্মীদের বের করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ সময় সংবাদকর্মীদের সঙ্গে খারাপ আচরণও করা হয় ইসির পক্ষ থেকে।

শনিবার (২৪ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই ঘটনা ঘটে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নির্বাচনি আচরণ বিধিমালা সংক্রান্ত ব্রিফিংয়ের প্রথম দিন ছিল শনিবার। তিন দিনব্যাপী এই ব্রিফিং শেষ হবে সোমবার (২৬ নভেম্বর)।

এর আগে ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক শুক্রবার (২৩ নভেম্বর) সাংবাদিকদের এই অনুষ্ঠানে থাকার জন্য আমন্ত্রণ জানান। ডেকে এনে এভাবে বের করে দেওয়ায় সংবাদকর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়।