রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ৪টি হরিণ খেয়ে ফেলেছে ক্ষুধার্ত ৫টি কুকুর। ৪টি হরিণের ৩টিই বাচ্চা। ১টি সেগুলোর মা।
শুক্রবার (০৩ এপ্রিল) ভোরে এই ঘটনা ঘটে। রাজশাহীর এই চিড়িয়াখানাটি পরিচালনা করে সিটি করপোরেশন।
বিষয়টি ধামাচাপা দিতে তড়িঘড়ি করে সকালেই হরিণগুলোর দেহের অবশিষ্ট অংশ মাটিচাপা দেয়া হয়।
সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল জানান, গত তিন মাসে হরিণের ১৫টি বাচ্চা জন্ম নিয়েছিলো। শেডে মোট হরিণ ছিলো ৭৫টি। কুকুরে খাওয়ার পর এখন হরিণের সংখ্যা ৭১টি।
তিনি আরও জানান, বৃহস্পতিবার রাত ২টা পর্যন্ত ওই শেডের পাশে শ্রমিকরা কাজ করেছে। করোনার কারণে অধিকাংশ কর্মচারীর ছুটি ছিলো। তাই ঠিকমত তদারকি হয়নি। ভোররাতের দিকে ৫টি ক্ষুধার্ত কুকুর শেডে ঢুকে যায়। করোনার কারণে খাবার না পেয়ে কুকুরগুলো ক্ষুধার্ত ও হিংস্র হয়ে উঠেছিলো। তিনি জানান, ভোরে শ্রমিকরা শেডের কাছে গিয়ে ভেতরে ৫টি কুকুর দেখতে পায়। পাশেই ৪টি হরিণের ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে থাকতে দেখে। পরে বিষয়টি সিটি করপোরেশনকে জানানো হয়।
সমর কুমার পাল বলেন, লুকোচুরির ঘটনা ঘটেনি। এটা একটি দুর্ঘটনা। আমাদের ধারণা, ক্ষুধার্ত কুকুরগুলো প্রথমে বাচ্চাগুলোকে আক্রমণ করেছিল। তাদের বাঁচাতে গিয়েছিল মা হরিণটি। তখন মাকেও আক্রমণ করেছে কুকুরগুলো। এ ঘটনায় চিড়িয়াখানার তত্ত্বাবধায়ককে একটি লিখিত প্রতিবেদন দিতে বলা হয়েছে। দু-একদিনের মধ্যেই তিনি প্রতিবেদন দেবেন। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে।
এমবি





