বঙ্গোপসাগরে বিধ্বস্ত যুদ্ধবিমান এফ-৭ এর দুটি পাখার ভগ্নাংশ পাওয়া গেছে। তবে এখনো খোঁজ মেলেনি পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ রোম্মানের। আজ সোমবার প্রশিক্ষণকালে বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমানবাহিনীর এই বিমানটি। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এসব তথ্য জানানো হয়।

বিমানবাহিনীর এক কর্মকর্তা জানান, পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে ৬ নটিক্যাল মাইল (১.৮৫২কিলোমিটার) দূরে বিমানটি বিধ্বস্ত হয়। সেখানে বিমানবাহিনীর ​তিনটি বিমান, নৌবাহিনীর তিনটি জাহাজ ও কোস্টগার্ডের একটি জাহাজ থেকে সমুদ্রে তল্লাশি চালানো হচ্ছে।

চট্টগ্রামে নাম প্রকাশ না করে বিমানবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, জহুরুল হক ঘাঁটি থেকে আজ বেলা ১১টার দিকে যুদ্ধবিমানটি আকাশে ওড়ে। ১১টা ১৪ মিনিটে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়। আনুমানিক সাড়ে ১১টার দিকে এটি সাগরে বিধ্বস্ত হয়।

নিখোঁজ পাইলট তাহমিদের বাড়ি চট্টগ্রামের আনোয়ারায়। চার ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।

এএইচ