ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরাসহ দেশের দক্ষিণ উপকূলের ৮টি নৌ-রুট ডেঞ্জার জোন হিসেবে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ।
ডেঞ্জার মৌসুম শুরু হওয়ায় ১৫মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত মনপুরা থেকে তজুমদ্দিন ও মনপুরা থেকে শশীগঞ্জ সহ ৮টি নৌরুটে ট্রলার ও ছোট লঞ্চ চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
নৌ-দূর্ঘটনা এড়াতে বরিশাল বিভাগের ভোলা ও পটুয়াখালী জেলার মেঘনা ও তেতুলিয়া নদীর প্রায় ৩ হাজার কিলোমিটার জুড়ে আগামী ৭ মাস ছোট নৌ-যান চলাচলের উপর নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ।
”বর্ষা মৌসূমে মেঘনা ও তেতুলিয়ার বিভিন্ন পয়েন্ট ঝুঁকিপূর্ণ হয়ে উঠে। তাই প্রতি বছরের ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ডেঞ্জার মৌসূম ঘোষনা করা হয়। এসময় বে-ক্রুজিং সনদ ছাড়া এসব রুটে নৌ-যান চলাচল বন্ধ রাখতে মালিকদের ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে ৫ মার্চ চিঠি দেয়া হয়েছে।
এরই মধ্যে সংশ্লিষ্ট এলাকার পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী অফিসারদের(ইউএনও) চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় চলাচলের জন্য সমুদ্র পরিবহন অধিদপ্তরের অনুমোদন না থাকায় ওই ৮টি নৌরুটে ১৪টি লঞ্চের যাত্রা বাতিল করা হয়েছে” বলে জানান বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ)বরিশালের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আবুল বাশার মজুমদার ।
তবে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, এসব রুটে চলাচলের জন্য সি-ট্রাকের ব্যবস্থা করা হয়েছে। বিআইডব্লিউটিসি বরিশালের সহকারী মহাব্যবস্থাপক গোপাল চন্দ্র মজুমদার বলেন, বর্তমানে বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা-শশীগঞ্জ রুটের সি-ট্রাক শহীদ শেখ মনি ডক ইয়ার্ডে রয়েছে।
বরিশালের নির্বাহী প্রকৌশলী সিরাজুল মাওলা জানান,নিষেধাজ্ঞা বহাল থাকা ৮টি নৌরুটের যে সব রুটে এখনো সি-ট্রাক দেয়া যায় নি ,সেসব রুটের বিষয়ে উধর্বতন কর্তৃপক্ষকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে।
প্রতি বছর ডেঞ্জার মৌসূমে ছোট লঞ্চ ও ট্রলার বন্ধ রাখার নির্দেশ দেয়া হলেও উপকূলীয় এলাকার মনপুরা থেকে তজুমদ্দিন ও মনপুরা থেকে শশীগঞ্জ সহ ৮টি নৌ-রুটে এ নির্দেশ অমান্য করার ঘটনাই বেশি ঘটে। জীবন ঝুঁকি নিয়ে এসব রুটে ছোট লঞ্চ ও ট্রলার চলছে প্রতিনিয়ত।
সীট্রাক চলাচলের বিষয়টি ১৫ই মার্চের পূর্বে নিশ্চিত না করায় মানুষ একান্ত বাধ্য হয়েই ছোট ট্রলারে করে উত্তাল মেঘনা পাড়ি দিচ্ছে।
ফলে যেকোন সময়ে বিরুপ আবহাওয়ায় মেঘনা রাক্ষুসে রুপ ধারন করে হতাহতের মত দূর্ঘটনার আশংকা করা হচ্ছে।
এসএইচ





