রিজার্ভ চুরির ঘটনায় সরকারের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন চেয়েছে সরকারি প্রতিষ্ঠান কমিটি। এর আগে একই বিষয়ে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির ক্ষোভ প্রকাশ করেছে।

দশম জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির ২৫তম বৈঠকে বুধবার (১৭ আগস্ট) এ বিষয়ে আলোচনা হয়েছে। সরকারি প্রতিষ্ঠান কমিটি সভাপতি শওকত আলীর সভাপতিত্বে সংসদ ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠক বলা হয়, আগামী বৈঠকের এজেন্ডায় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষয়টি রাখা হবে। বৈঠকে রিজার্ভ চুরির ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন উপস্থাপনের জন্য বলা হবে।
এ ছাড়া বৈঠকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সার্বিক কর্মকাণ্ড পর্যালোচনা করা হয়। পাশাপাশি সম্প্রতি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষকের বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগের বিষয়ে আশঙ্কা প্রকাশ করে এ ব্যাপারে গৃহীত পদক্ষেপ সম্পর্কে জানতে চাওয়া হয়।

বৈঠকে জানানো হয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ বা সন্ত্রাস বিরোধী কার্যক্রম রোধকল্পে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ধারা ৬(১০) বাস্তবায়ন, শিক্ষক-কর্মকর্তা নিয়োগ ও শিক্ষার্থী ভর্তির পূর্ণাঙ্গ তথ্য যাচাই, মনিটরিং সেল গঠন, জঙ্গিবাদ নির্মূল সভা, মানববন্ধন, র‌্যালি, অনুপস্থিত শিক্ষার্থীদের সনাক্তকরণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং বিশ্ববিদ্যালয়সমূহ মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।

বৈঠকে সরকারি প্রতিষ্ঠান কমিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের কার্যক্রমের প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা বৃদ্ধিকল্পে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০’ এর প্রয়োজনীয় সংশোধনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।
একই সঙ্গে এসেনসিয়াল ড্রাগস লিমিটেড (ইডিসিএল)-এর চলমান প্রকল্পসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং অনিষ্পন্ন অডিট আপত্তিগুলো দ্রুত নিষ্পত্তির সুপারিশ করা হয়।

কমিটি সদস্য নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, মুহিবুর রহমান মানিক, মোহাম্মদ সুবিদ আলী ভূইয়া, আবদুর রউফ এবং এ্যাডভোকেট নাভানা আক্তার বৈঠকে অংশগ্রহণ করেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

এমএনজে