জমিসংক্রান্ত বিরোধের জের ধরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় এক মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৫ জন। পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে।

সোমবার সকাল পৌনে ১১টায় উপজেলার বড় ধর্মপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির বারাপাড়া ইউনিয়নের বড় ধর্মপুর গ্রামের বাসিন্দা।

সদর দক্ষিণ থানার অফিসার ইন চার্জ (ওসি) প্রশান্ত পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলা বারাপাড়া ইউনিয়নের বড় ধর্মপুর গ্রামে মুক্তিযোদ্ধা হুমায়ুন কবিরের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে একই এলাকার আবদুর রশিদের বিরোধ চলছিল। এর জেরধরে সকালে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় মুক্তিযোদ্ধা হুমায়ুন কবিরকে আবদুর রশিদ মিয়ার ছেলে মো. মঞ্জিল (৩৫) ধারালো অস্ত্রদিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমিক) হাসপাতালে নিয়ে যেয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে সদর দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক মো. মঞ্জিলকে আটক করেছে।

বিকাল ৫টার দিকে এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি প্রশান্ত পাল জানান।

কেএইচ