জয়পুরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। জেলার জয়পুরহাট সদর উপজেলার আক্কেলপুর সড়কের ‘পাকার মাথা’ ও মঙ্গলবাড়ী সড়কের ‘বেলতলি’ নামক স্থানে পৃথক সড়ক দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর ১২ টায় জয়পুরহাট শহরের নতুনহাটে আসার সময় জয়পুরহাটের আক্কেলপুর সড়কের ‘পাকার মাথা’ এলাকায় গরুবাহী একটি নসিমন উল্টে খাদে পড়ে যায় এসময় খোরশেদ আলী (২৭) নামের এক গরু ব্যবসায়ী ঘটনাস্থলে নিহত হন। তার বাড়ি জয়পুরহাট সদরের ধারকী গ্রামে।
এ সময় ভটভটিতে থাকা অন্য গরু ব্যবসায়ী আনোয়ার হোসেন (৩৬), সুজাউল (২৮), ওবায়দুল (৩১) ও আব্দুল খালেক (২৫) গুরুতর আহত হলে তাদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
অন্যদিকে একই সময়ে জয়পুরহাট থেকে নিজ বাড়ি ফেরার পথে জয়পুরহাটের মঙ্গলবাড়ী সড়কের বেলতলি মোড়ে একটি মোটর সাইকেলকে বিপরীতমুখী ভটভটি ধাক্কা দেয়।
এসময় মোটর সাইকেল আরোহী সাইদুর রহমান (৩১) গুরুতর আহত হয়ে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। নিহতের বাড়ি জয়পুরহাট সদরের চাঁদপুর গ্রামে।
কেএইচ





