প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম. নুরুল হুদা বলেছেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আমি বিশ্বাস করি।
আজ (রোববার) দুপুরে নারায়ণগঞ্জ ক্লাব মিলনায়তনে স্মার্টকার্ড বিতরণ অনুষ্ঠান উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, বাংলাদেশে ৯ কোটির বেশি মানুষ স্মার্টকার্ড পাবেন। ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে সবার হাতে এই কার্ড পৌঁছে দেওয়া হবে।
আর নারায়ণগঞ্জে ৯ লাখ ৩২ হাজার ৯১২ জনকে স্মার্টকার্ড দেওয়া হবে বলে জানান কে. এম. নুরুল হুদা। তিনি জানান, স্মার্টকার্ডের মাধ্যমে নাগরিকরা ২৬ থেকে ২৭টি রাষ্ট্রীয় সেবা পাবেন।
রংপুর সিটি করপোরেশন নির্বাচন সম্পর্কে তিনি বলেন, এ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আমি বিশ্বাস করি। আমরা হয়তো বা ছিলাম না, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন’সহ অন্যান্য নির্বাচন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আশা করছি সামনের নির্বাচনগুলোতে নিরপেক্ষ নির্বাচন হবে।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জে প্রথম স্মার্টকার্ড গ্রহণ করেন সাবেক সচিব আকরাম আলী মৃধা। এরপর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শিরিন আক্তার, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুম স্মার্টকার্ড গ্রহণ করেন।
এমবি





