প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
আজ (২৮ মে) মঙ্গলবার সকাল ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে টোকিওর হেনিদা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
১২ দিনের সফরকালে তিনি জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ড ও ভারতে অবস্থান করবেন।
প্রধানমন্ত্রী তার সফরের প্রথমে জাপানে ২৮ থেকে ৩১ মে পর্যন্ত অনুষ্ঠেয় ‘ফিউচার এশিয়া’শীর্ষক ২৫তম আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দেবেন। তিনি সেখানে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।
শেখ হাসিনা সেখানে তার সম্মানে বাংলাদেশি কমিউনিটির দেয়া একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেয়ার পাশাপাশি হোলি আর্টিজানে হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হবেন এবং জাপানি ব্যবসায়ী নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
জাপান সফর শেষ করে শেখ হাসিনা জেদ্দার উদ্দেশে টোকিও ত্যাগ করবেন। তিনি ৩ জুন পর্যন্ত সেখানে অবস্থান করবেন।
সৌদি আরবে সফরকালে প্রধানমন্ত্রী ওআইসির (অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্স্) ১৪তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে মক্কাতে ৩১ মে ‘মক্কা সামিট : টুগেদার ফর দ্য ফিউচার’শীর্ষক ইসলামি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সৌদি আরবে অবস্থানকালে প্রধানমন্ত্রী পবিত্র উমরাহ পালন করবেন।
সৌদি আরব সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৩ জুন ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকির উদ্দেশে জেদ্দা ত্যাগ করবেন। ৪ জুন ফিনল্যান্ডের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
১ জুন বেলা সাড়ে ১২টায় প্রধানমন্ত্রী সম্মেলনের প্রথম কর্ম অধিবেশনে অংশ নেবেন এবং দেড়টায় অংশ নেবেন দ্বিতীয় কর্ম অধিবেশনে। তিনি দুপুর আড়াইটায় সমাপনী অধিবেশনে এবং পরে সাফা প্রাসাদে সাহরিতে অংশ নেবেন। সন্ধ্যায় তিনি ওমরাহ পালন করবেন।
প্রধানমন্ত্রী ২ জুন সকালে বিমানযোগে মদিনার উদ্দেশে জেদ্দা ত্যাগ করবেন এবং হযরত মুহাম্মদ (সা.)- এর রওজা মোবারকে ফাতেহা পাঠ করবেন।
সন্ধ্যায় তিনি বিমানযোগে জেদ্দার উদ্দেশে মদিনা ত্যাগ করবেন। ২ জুন দিবাগত রাত ১টা ১০ মিনিটে তিনি ফিনল্যান্ডের হেলসিংকির উদ্দেশে জেদ্দা ত্যাগ করবেন। স্থানীয় সময় দুপুর ১টায় তিনি হেলসিংকি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন।
এমবি





