ডাকাত দলের মূলহোতা ইব্রাহিমসহ রাজধানীতে ৯ জনকে গ্রেফতার নিয়ে কথা বলেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।
তিনি জানিয়েছেন, ডাকাতির পর সহজে পালানোর জন্য তারা মূলত ঢাকা মেট্রোর সীমান্ত এলাকায় ডাকাতি করে থাকে।
শনিবার দুপুর ১২টার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
গ্রেফতার কৃতরা হলেন, ডাকাত নেতা ইব্রাহীম, মো. আল আমিন, মো. সিদ্দিক, আলমগীর বকশ, মো. রিয়াজ উদ্দিন, মো. খিজির আহমেদ, মো. সহিদুল, আ. রব এবং আব্দুল হালিম।
রাজধানীর তুরাগ থানার দিয়াবাড়ী এলকা থেকে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরের একটি দল তাদেরকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে সোয়া দুই ভরি স্বর্ণ, ছুরি, চাপাতি, দা ও রডের তরবারি উদ্ধার করা হয়।
যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, তারা আন্ত:জেলা ডাকাত চক্রের সদস্য। ওই এলাকায় তারা ডাকাতির জন্য একত্রিত হচ্ছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি বলেন, ডাকাতি করা স্বর্ণ তারা আ. রব এবং আব্দুল হালিমের কাছে কাছে বিক্রি করতো। এদের একটি স্বর্ণের দোকার আছে। ডাকাতির স্বর্ণ দিয়েই তারা ওই দোকান চালাতো।
যুগ্ম কমিশনার বলেন, গ্রেফতারকৃত ডাকাতরা মূলত নরসীংদীর গাউছিয়া, মাধবদী ও নারায়নগঞ্জের আড়াই হাজার এলাকার বাসিন্দা। তারা এই এলাকা থেকে প্রায়ই ঢাকা মহানগর এলাকায় প্রবেশ করে ডাকাতির পর সহজেই নিজ এলাকায় চলে যায়।
এক প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষে ঢাকা মহানগরের সকল এলাকায় নিচ্ছিদ্র নিরাপত্তার জন্য সকল ধরণের প্রস্তুতি গ্রহণ করেছি।
এমআর/ এআর





