বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। তবে আহত ও নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বুধবার দুপুরে বাগেরহাট-পিরোজপুর সড়কের মোরেলগঞ্জ উপজেলার দাসখালী দারুল উলুম মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।
বাগেরহাটের মহিষপুরা পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিজানুর রহমান ঘটনাস্থল থেকে বলেন, বুধবার দুপুর দেড়টার দিকে বাগেরহাট থেকে পিরোজপুরের উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে সামনের একটি চাকা নষ্ট হয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে তার সামনে থাকা একটি যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দেয়। এতে ওই ভ্যানচালক ও যাত্রী রাস্তার উপর পড়ে গেলে যাত্রী মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান (৬০)। আহতদের পিরোজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পিরোজপুর জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ননীগোপাল রায় জানান, বাগেরহাটের দুর্ঘটনায় আহত ১৬ যাত্রী সেখানে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে ৪৫ বছর বয়সের এক ব্যক্তি হাসপাতালে আনার পথে মৃত্যু হয়। তবে তিনি ভ্যানচালক কিনা, তা নিশ্চিত করে জানাতে পারেনি।
আহতদের মধ্যে ৯ জনকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় ৪ যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
কেএইচ





