রাজশাহীর চারঘাটে পুলিশের বাধায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পণ্ড হয়েছে। পুলিশ শনিবার বিকেলে কর্মসূচি থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাদসহ ১২ নেতাকর্মীকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার শলুয়া ঈদগাহ মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে বিএনপির নেতাকর্মীরা জড়ো হন।
বিকেল সাড়ে ৫টার পর চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ সেখানে উপস্থিত হলে আলোচনা সভা শুরু হয়। এ সময় বিপুল সংখ্যক পুলিশ মাঠটি ঘিরে ফেলে এবং নেতাকর্মীদের ভিতরে যেতে বাধা দেয়। পরে আবু সাঈদ মঞ্চ থেকে নেমে মাঠের গেটে আসেন। প্রথমে পুলিশ তাকে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু পুলিশের কথা না শুনে তিনি দলীয় নেতাকর্মীদের আলোচনা সভায় যেতে বাধা দেয়ার প্রতিবাদ জানান। এ সময় পুলিশের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে বিএনপির নেতাকর্মীরা পুলিশের উপর চড়াও হয়। এ সময় পুলিশ আবু সাঈদসহ ১২ নেতাকর্মীকে আটক করে গাড়িতে তুলে নিয়ে যায়।
চারঘাট থানার ওসি নজরুল ইসলাম বলেন, পুলিশের অনুমতি ছাড়াই বিএনপি সেখানে আলোচনা সভার আয়োজন করেছিল। এ কারণে সেখানে গিয়ে বিএনপির নেতাকর্মীদের চলে যেতে বলা হয়। কিন্তু তারা না শুনে পুলিশের উপর চড়াও হয় এবং সরকারি কাজে বাধা দেয়। এ কারণে সেখান থেকে বিএনপির ১২ নেতাকর্মীদের আটক করা হয়েছে। তাদের অনেকের বিরুদ্ধে নাশকতার মামলাও রয়েছে বলে ওসি জানান।
জেড





